গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের, ক্ষুব্ধ জনতার আগুনে বাস

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় একটি ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও একটি ইজিবাইককে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এ সময় ইজিবাইকে থাকা আরও তিনজন আহত হন।

নিহত মহিবুল্লাহ চন্দ্রদিঘলিয়া গ্রামের সুফি সাফের ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের সারেজান মোল্লার ছেলে শহিদ মোল্লা রয়েছেন। অপর দুই আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত শহিদ মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অন্য দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যান।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাসে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত না করে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

সর্বশেষ