হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা পরীক্ষা করে এনজিওগ্রাম করেন হৃদ্রোগ বিশেষজ্ঞরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ আছেন।
তবে এনজিওগ্রামের পর তার হৃদ্যন্ত্রে কোনো রিং বা স্টেন্ট বসানো হয়েছে কি না, সে বিষয়ে চিকিৎসক নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

