বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংস্কার চান আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। আইনটিকে আরও আধুনিক, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুনির্দিষ্ট সুপারিশ চেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে আইনটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাণিজ্যিক আদালত আইন সংস্কার নিয়ে আয়োজিত অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই। অতীতে একটি বিনিয়োগের অনুমতি পেতে বিদেশি উদ্যোক্তাদের ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানে যেতে হতো। এতে ছয় মাস বা তারও বেশি সময় লেগে যেত। এ ধরনের জটিলতা কমাতে সরকার সমন্বিত অনুমোদন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে অল্প কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া সম্ভব হবে।

বিনিয়োগের পর অর্থ বা মুনাফা দেশে থেকে ফেরত নেওয়ার ক্ষেত্রেও বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন সমস্যায় পড়েন বলে উল্লেখ করেন মন্ত্রী। স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের করা ফৌজদারি মামলা এবং ভ্যাটসংক্রান্ত জটিলতা তাদের বিনিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এসব সমস্যা সমাধানে বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন যথেষ্ট নয় বলে মনে করেন তিনি।

আইনটির বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, প্রচলিত আইনের একাধিক বিষয় এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সালিশ আইনও এমনভাবে যুক্ত করা হয়েছে, যা মূল সালিশি ব্যবস্থার কার্যকারিতাকে বাধাগ্রস্ত করতে পারে। এ কারণে আইনটি নতুন করে পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাণিজ্যিক আদালতের কাঠামো সম্পর্কে আইনমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের বিভাগীয় শহরগুলোতে আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি এবং চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সীমিতসংখ্যক আদালতের মাধ্যমে এ বিষয়ে বিশেষায়িত দক্ষতা ও অভিজ্ঞতা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের এবং এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়গুলোও নতুন আইন প্রণয়নের সময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

অংশীজনদের আগামী ১০ দিনের মধ্যে লিখিত বা মৌখিক সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রাপ্ত মতামত পর্যালোচনা করে পরবর্তী পরামর্শ সভার আগেই আইনের খসড়া আরও পরিমার্জন করা হবে। আইনটি যেন বাস্তবসম্মত, আধুনিক ও কার্যকর হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ উদ্যোগে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৭’ নামে একটি প্রাথমিক খসড়া উপস্থাপন করা হয়। এতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক, আইনজীবী ও পেশাজীবীদের অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক প্রতিনিধিদের মূল্যায়ন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের আন্তর্জাতিক অংশীদারত্ববিষয়ক প্রধান ড. মিখাল ক্রেইজা, কানাডীয় হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস এবং নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

সর্বশেষ