বাহরাইনে মার্কিন ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের অনুপ্রবেশের অভিযোগ তুলে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির দাবি, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পরিচালিত এ অভিযানে যুদ্ধ ড্রোন ব্যবহার করা হয় বলে জানিয়েছে আইআরজিসি। তবে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ড্রোনগুলো শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর রাডারব্যবস্থাকে লক্ষ্য করে সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করেছে। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের একাধিকবার প্রবেশের ঘটনার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আকাশসীমা লঙ্ঘন কিংবা দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য আঞ্চলিক ঘাঁটি ব্যবহার করলে সংশ্লিষ্ট পক্ষকে এর পরিণতি ভোগ করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, ইরানের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি সম্পর্কে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার কিছুক্ষণ পর মানামার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করে। একই সঙ্গে নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

তবে ইরানের দাবি করা হামলায় মার্কিন রাডারব্যবস্থার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা, এএফপি

সর্বশেষ