অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাসভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এতে ভবনের নিচতলায় আগুন ধরে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগে থেকেই পুলিশি নিরাপত্তা ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে আগুন দেওয়ার বিষয়টি তাঁদের নজরে আসেনি।
পুলিশ কমিশনার জানান, বাড়ির যে অংশে আগুন দেওয়া হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই স্থানে কিছু ভাঙা চেয়ার ও টেবিল রাখা ছিল। আগুন লাগার পর পুলিশ সদস্যরাই দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ফলে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার প্রয়োজন হয়নি।
এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিএমপি কমিশনার জানান, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। আশপাশের বিভিন্ন ভবন ও স্থাপনায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় আগুন জ্বলছে। রিকশায় যাতায়াতের সময় এক পথচারী ভিডিওটি ধারণ করেন।

