চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জেটি রোড ও সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় অবস্থিত তাদের বাড়িতে এসব ঘটনা ঘটে।

- Advertisement -

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে চাঁদপুর শহরের জেটি রোডে দীপু মনির বাসভবনের একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও সেটি পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই একটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলেন।

এ ঘটনার কিছু সময় পর রাত আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেছেন।

তবে পৃথক দুটি অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে এসব আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ