৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বাংলাদেশ সফরে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফিরতি সফর হিসেবে তার এ ঢাকা সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হবে প্রথম বাংলাদেশ সফর।

- Advertisement -

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন আনোয়ার ইব্রাহিম। সফরকালে তিনি সর্বোচ্চ ১২ থেকে ১৩ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করবেন। এরপর তার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া গত জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের মধ্যে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে। সফর উপলক্ষে তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতের সহযোগিতা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আগেই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমের প্রথম ধাপে ১১২ জন কর্মী নির্বাচনের কাজ চলছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে সরকার। এ বিষয়ে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবারের সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ