মিরপুরে যুবলীগ নেতা নিখিলের বাসায় হামলা, ভাঙচুরের পর আগুন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসভবনে প্রবেশ করে। এ সময় তারা প্রথমে ভবনের নিচতলায় থাকা তার ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করেন। পরে বাসার ভেতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ও ক্রেস্ট ভাঙচুর করেন।

একপর্যায়ে ভাঙচুর করা আসবাব ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেন হামলাকারীরা। প্রায় আধাঘণ্টা ধরে সেখানে ভাঙচুর ও তাণ্ডব চলে। এ সময় দলটির সদস্যরা যুবলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগানও ছিল।

পরে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত ওই বাসভবনে বসবাস করতেন মাইনুল হোসেন খান নিখিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও জমা পড়েনি।

সর্বশেষ