নাশকতাকারী ‘পঞ্চম বাহিনীকে’ আর ছাড় নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ‘পঞ্চম বাহিনী’ এবং পরাজিত শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পরাজিত শক্তি বিদেশে অবস্থান করে অর্থ ও বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। পুলিশের বক্স ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ এবং হত্যাকাণ্ডের মতো ঘটনায় তারা জড়িত বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, শুরুতে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হলেও তাদের কর্মকাণ্ড এখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে, তা ভেঙে দেওয়া হবে। এ বিষয়ে সরকারও সতর্ক ও সক্রিয় রয়েছে।

বিএনপির এই নেতা আরও বলেন, যারা দেশের মানুষের কল্যাণে কাজ করেন, তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যান না। বরং রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সম্পদ লুটপাট, গুম ও খুনের রাজনীতি করা ব্যক্তিরাই পালিয়ে যেতে বাধ্য হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, নানা চাপ ও হুমকির মুখেও তারা দেশ ছাড়েননি।

রিজভীর অভিযোগ, বিদেশে অবস্থানরত এসব ব্যক্তি সেখানে ফ্ল্যাট, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অন্যদিকে দেশে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন।

গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক। তবে কিছু সুবিধাবাদী গোষ্ঠী এলাকাটিকে সন্ত্রাসের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম ও জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগও তুলে ধরেন তিনি। পাশাপাশি ভাঙ্গায় রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জাসাসের নেতাকে হত্যার বিষয়টি উল্লেখ করেন।

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কথিত অডিও ফাঁসের প্রসঙ্গে রিজভী দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি ফ্যাক্ট-চেকের মাধ্যমে সত্য বলে প্রমাণিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই অডিওতে প্রতিটি ইউনিয়নে বিএনপি নেতাদের তিনটি করে বাড়িতে আগুন দেওয়ার নির্দেশনা রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ডিসেম্বর মাস উপলক্ষে বিএনপির কর্মসূচির কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী। তিনি জানান, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে দলটি। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি নেওয়া হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার দেশে ফেরার দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে পালনের সিদ্ধান্ত রয়েছে।

যৌথ সভা ও সংবাদ সম্মেলনে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আবদুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, সুলতান সালাউদ্দিন টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, সাইয়েদুল আলম বাবুল, বিলকিস জাহান শিরীন, রকিবুল ইসলাম বকুল, মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, হেলাল খান, জাকির হোসেন রোকন, ইয়াসিন আলী ও সুলতানা আহমেদসহ অনেকে।

সর্বশেষ