ইরানে বিপুলসংখ্যক বাঁধ নির্মাণ এবং পানি স্থানান্তর প্রকল্পের আড়ালে সামরিক পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। তাদের আশঙ্কা, এসব অবকাঠামোর কিছু অংশ দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেও তৈরি হয়ে থাকতে পারে।
দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে এ তথ্য উঠে এসেছে। পরে ইরান ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে। গবেষকদের পর্যবেক্ষণে, ইরানের পানি অবকাঠামোর অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আক্রান্ত সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোর ভৌগোলিক অবস্থানে মিল রয়েছে। তবে এ সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত নয়; বরং অনুমাননির্ভর বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির পানি নিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরির নেতৃত্বে একটি গবেষক দল ইরানে অন্তত ৫৩৩টি বাঁধের অবস্থান শনাক্ত করেছে। শোকরি জানান, চলতি বছর সন্দেহভাজন সামরিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলার স্থানগুলো মানচিত্রে চিহ্নিত করে বাঁধের অবস্থানের সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য সাদৃশ্য দেখতে পান।
নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ইরানে এত বিপুলসংখ্যক বাঁধ নির্মাণের কারণ দীর্ঘদিন ধরেই তার কাছে প্রশ্ন ছিল। বিমান হামলার ঘটনাগুলো বিশ্লেষণের পর বাঁধের আশপাশে ক্ষেপণাস্ত্র হামলার অবস্থান নিয়েও তার মনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
প্রতিবেদনটিতে কথা বলা সাতজন পানি ও সামরিক বিশেষজ্ঞের মতে, বড় ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলো দীর্ঘ সময় সচল রাখতে পানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন। বাঁধ ও সংশ্লিষ্ট অবকাঠামো এ ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে তারা মনে করছেন।
ইরানের ‘মিসাইল সিটি’ নামে পরিচিত ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি, সংরক্ষণ এবং উৎক্ষেপণের ব্যবস্থা রয়েছে। পাহাড়ের ভেতরে দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণ করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, যাতে সেগুলোকে হামলা থেকে সুরক্ষিত রাখা যায়।
ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক ইরান বিশ্লেষক ড্যানি সিত্রিনোভিচের মতে, নিজস্ব পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকলে ইরানের সামরিক ঘাঁটিগুলো দেশের সাধারণ অবকাঠামোর ওপর নির্ভর না করেই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
তিনি বলেন, জরুরি সেবা সচল রাখার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে জাতীয় অবকাঠামোর ওপর নির্ভরশীল না রাখার যথেষ্ট যৌক্তিকতা তেহরানের রয়েছে।
তবে বাঁধ নির্মাণের সঙ্গে সামরিক স্থাপনাগুলোর সরাসরি সম্পর্ক রয়েছে—এমন কোনো নিশ্চিত প্রমাণ প্রতিবেদনে তুলে ধরা হয়নি। গবেষকদের পর্যবেক্ষণ আপাতত সম্ভাব্য যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

