চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মালিকানাধীন তিনতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী মাদ্রাসা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলায় থাকা অফিস ও বসতঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির মালিক আওয়ামী লীগের রাঙ্গুনিয়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় দুটি কক্ষ নিয়ে অফিস ও বসতঘর হিসেবে ব্যবহৃত স্থানে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আগুন আশপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে। তদন্তের পরই আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

