রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার দায়ী, রোহিঙ্গাদের লাভ কী তাতে

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ প্রত্যাবাসন, সম্পত্তি ফেরত ও ক্ষতিপূরণের নির্দেশ; দুই বছরের মধ্যে পরিকল্পনা জমার সময়

- Advertisement -

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে দেওয়া ঐতিহাসিক রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বসতবাড়ি ধ্বংসসহ পরিকল্পিতভাবে গুরুতর অপরাধ সংঘটিত করেছে।

রায়ে রোহিঙ্গাদের সুরক্ষা, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্ত করে বিচারের আওতায় আনার কথাও বলেছেন আদালত। ক্ষতিপূরণের আর্থিক পরিমাণ নির্ধারণ না করলেও এ বিষয়ে পরিকল্পনা তৈরি করে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দ্য হেগের পিস প্যালেসে জাপানের বিচারক ও আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া প্রায় তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনান। ১৫ বিচারকের প্যানেলের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার পক্ষে মত দেন। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠার ঘটনা হিসেবে রায়টিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

গণহত্যার ভয়াবহ চিত্র উঠে এসেছে রায়ে

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে। এমনকি শিশুদের লক্ষ্য করেও চরম নিষ্ঠুরতা দেখিয়েছে সেনাবাহিনী।

রোহিঙ্গাদের গ্রামগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিকভাবে গুরুতর ক্ষতি করা হয়েছে। ধ্বংস করা এলাকায় পরবর্তী সময়ে স্থায়ী স্থাপনা নির্মাণ এবং অরোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

রায়ে আরও বলা হয়েছে, মিয়ানমারের উচ্চপদস্থ কর্মকর্তারা রোহিঙ্গাদের অমানবিক ও সহিংস জনগোষ্ঠী হিসেবে তুলে ধরে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছেন। বিশেষ করে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্য থেকে গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ পাওয়া যায়।

আদালতের মতে, রোহিঙ্গাদের বসতবাড়ি ও গ্রাম ধ্বংসের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। সামরিক অভিযানে বেসামরিক সশস্ত্র ব্যক্তি ও সহযোগী মিলিশিয়াদের অংশগ্রহণের মাধ্যমে গণহত্যার ঝুঁকি তৈরি হয়েছিল। এ বিষয়ে অবগত থাকার পরও মিয়ানমার তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি।

নিরাপদ প্রত্যাবাসন ও সম্পত্তি ফেরতের নির্দেশ

আইসিজের রায়ে রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বেশ কয়েকটি বিষয় গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ তৈরি, ধ্বংস হওয়া জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা বিকল্প ব্যবস্থা করা এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা।

এ ছাড়া নিহত ব্যক্তিদের যথাযথ সমাধি, নির্যাতনের শিকার ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং ভবিষ্যতে নিপীড়ন থেকে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মিয়ানমারকে সব ধরনের সহিংসতা বন্ধ করার পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ যাতে না ঘটে, সে নিশ্চয়তাও দিতে হবে।

তবে ক্ষতিপূরণের মোট আর্থিক পরিমাণ এখনই নির্ধারণ করেননি আদালত। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গাম্বিয়ার মামলায় সাত বছরের বিচারিক লড়াই

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা নিপীড়ন, ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে তাদের বড় অংশকে রাষ্ট্রহীন করে রাখা এবং ২০১৭ সালে সামরিক বাহিনীর অভিযানে গণহত্যার অভিযোগ আনা হয়।

২০১৭ সালের ওই অভিযানে প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। অভিযানের শুরুতেই প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য উঠে আসে। পালিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে নৌকাডুবিতেও প্রাণ হারান অনেকে।

বেঁচে যাওয়া রোহিঙ্গাদের বর্ণনায় উঠে আসে সেনাবাহিনী ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা। এসব অভিযোগের বিচার চেয়েই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল গাম্বিয়া।

গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান রায়কে রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এটি ন্যায়বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

রায় বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

রোহিঙ্গাদের জন্য গুরুত্বপূর্ণ এই রায় বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে। কারণ, আইসিজের নিজস্ব কোনো রায় বাস্তবায়নকারী বাহিনী নেই। মিয়ানমার আদালতের নির্দেশ পালন না করলে গাম্বিয়া বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে পারে। সেখান থেকে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আসতে পারে।

বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। অন্যদিকে মিয়ানমারে রয়েছে প্রায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা। সেখানে তাদের চলাচল ও নাগরিক অধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে আনুমানিক এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত রোহিঙ্গাদের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ মাইকেল বেকারের মতে, আইসিজের রায় যত বিস্তৃতই হোক না কেন, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা দ্রুত বাস্তবায়ন করা কঠিন।

অন্যদিকে রোহিঙ্গা মানবাধিকার উদ্যোগের প্রতিষ্ঠাতা কিয়াও মিন সাবের আশা প্রকাশ করেছেন, এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়া এবং সমান নাগরিক অধিকার নিয়ে বসবাসের পথ তৈরি হবে।

মানবাধিকারকর্মীদের মতে, রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ পরিকল্পনায় শুধু আর্থিক সহায়তা থাকলেই চলবে না। নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া, কেড়ে নেওয়া জমি ও সম্পত্তি পুনরুদ্ধার এবং শিক্ষা, চিকিৎসা ও জীবিকার অধিকার নিশ্চিত করাও জরুরি।

দীর্ঘদিনের নিপীড়ন ও বাস্তুচ্যুতির পর আইসিজের এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচারের লড়াইয়ে বড় অগ্রগতি। তবে রায়ের বাস্তব প্রতিফলন নির্ভর করবে মিয়ানমারের পদক্ষেপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর চাপের ওপর। বিশেষ করে নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত না হলে রায়ের সুফল রোহিঙ্গাদের কাছে পৌঁছানো কঠিন হবে।

সর্বশেষ