মিরসরাইয়ে ওসিকে প্রাণনাশের হুমকি, পরিবার নিশ্চিহ্ন করার ভয় দেখিয়ে হোয়াটসঅ্যাপ বার্তা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করা এবং বংশ নিশ্চিহ্ন করার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে ওসির সরকারি মোবাইল ফোনে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তাগুলোর শুরুতে ইংরেজিতে ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’ লিখে তাঁকে সতর্ক করা হয়। পরে বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’

অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, তিনি নিজের জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তার কথা চিন্তা করে যেন অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকেন। অন্যথায় তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে কাফনের কাপড় প্রস্তুত রাখার কথা বলা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, হোয়াটসঅ্যাপে পাওয়া হুমকির পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

তিনি আরও জানান, হুমকিদাতার পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হুমকির পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে থানার কার্যক্রম ও গ্রেপ্তার অভিযান বন্ধের হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

সর্বশেষ