হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির দাবি, প্রণালি অবরুদ্ধ করার জবাবে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ সামরিক আগ্রাসনের শামিল। এ পরিস্থিতি মোকাবিলায় নিজেদের হাতে থাকা সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান।
সোমবার (২৩ নভেম্বর) তেহরান থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে এ হুঁশিয়ারি দেন।
বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইরান কোনোভাবেই মেনে নেবে না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ওয়াশিংটন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ আরোপ করেছে, তা নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সমতুল্য। জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো উপায় ব্যবহারের অধিকার ইরানের রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সঙ্গে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় প্রণালিটির ওপর ইরানের অবরোধ আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে উদ্বেগ তৈরি করেছে। ইরানের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার এবং ইরানের অভ্যন্তরীণ স্থলপথের রুট বিচ্ছিন্ন করতে বিশেষ টাস্কফোর্স গঠন করে ওয়াশিংটন।
এদিকে, ইরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে জাহাজে আগুন লাগার বিষয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগও কার্যত স্থবির হয়ে পড়েছে। জুনে প্রণীত চুক্তির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে সমঝোতার পথ সংকুচিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে নিয়ে অবরোধ প্রত্যাহার করলে মাত্র দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। বাঘাইয়ের ভাষ্য, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে দ্রুততম সময়ের মধ্যে হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।
তেহরানের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টি এখন দুই দেশের বিরোধের অন্যতম প্রধান ইস্যু। এ অবস্থায় কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর এর প্রভাব আরও বাড়তে পারে।

