ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, আগাম হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরান রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তেহরানকে এ ধরনের অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি ইরান ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত হলে আগাম সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও নাকচ করেননি এই মন্ত্রী।

- Advertisement -

ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কাটজ। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানসহ বিভিন্ন সংবাদমাধ্যমে তার বক্তব্য প্রকাশিত হয়েছে।

ব্রিফিংয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে কাটজ বলেন, দেশটি রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। ইসরায়েল কোনোভাবেই ইরানকে এ ধরনের অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে দেবে না।

ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। চ্যানেল ১২-তে প্রকাশিত বক্তব্যের প্রতিলিপি অনুযায়ী, তিনি বলেন, ইরান ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে বলে মনে হলে সেই হুমকি আগেই নস্যাৎ করতে সেনাবাহিনীকে হামলার নির্দেশ দেওয়া যেতে পারে। ইরান প্রথমে হামলা চালালে সেটিকে ব্যর্থতা হিসেবে দেখবেন বলেও মন্তব্য করেন তিনি।

কাটজের এ বক্তব্যে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য আগাম সামরিক অভিযানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে—এমন অভিযোগের পক্ষে ব্রিফিংয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়েছে কি না, তা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এদিকে কাটজের বক্তব্যের সময়েই রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (ওপিসিডব্লিউ) অর্থায়ন বন্ধ করে দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি অভিযোগ করেন, রাসায়নিক অস্ত্রের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে এসব অস্ত্রের ব্যবহার পর্যবেক্ষণ ও প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থাটিকেই দুর্বল করে দিচ্ছে।

তিনি বলেন, মার্কিন অর্থায়ন বন্ধের কারণে ওপিসিডব্লিউ তাদের কার্যক্রম স্থগিত করতে কিংবা গুরুত্বপূর্ণ কর্মসূচির পরিধি কমাতে বাধ্য হতে পারে। সংস্থাটির দায়িত্ব পালনে বাধা দিয়ে যুক্তরাষ্ট্র বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। এ ঘটনাকে লজ্জাজনক বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ওপিসিডব্লিউ রাসায়নিক অস্ত্রের ব্যবহার পর্যবেক্ষণ ও নিষিদ্ধকরণে কাজ করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অর্থায়ন বন্ধ করে দেওয়ায় সংস্থাটি বাজেট সংকটে পড়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ধ্বংস এবং এ ধরনের অস্ত্রের ব্যবহার প্রতিরোধে ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল ওপিসিডব্লিউ।

সূত্র: সিবিএস নিউজ, রয়টার্স

সর্বশেষ