spot_imgspot_img

বাসের নতুন ভাড়া কার্যকর, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
spot_img

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। এ বিষয়ে বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

- Advertisement -

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে নতুন এ ভাড়া কার্যকর হবে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিভিন্ন শ্রেণির বাসের ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। এসব যানবাহনে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়াও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের জন্য বিআরটিএ অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে কোনো বাস বা মিনিবাসের আসন পুনর্বিন্যাস করা হলে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে রুট পারমিট অনুমোদনকারী কর্তৃপক্ষ (বিআরটিএ) অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক হারে ভাড়ার অনুমোদন নিতে হবে।

তবে নতুন নির্ধারিত ভাড়ার হার গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পাশাপাশি প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এ ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ