spot_imgspot_img

মেসিকে ছাড়াই নতুন আক্রমণ ভাগের পরীক্ষা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক:
spot_img

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচে থাকছেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। ফলে মেসিবিহীন আর্জেন্টিনার আক্রমণভাগ কেমন হবে, ম্যাচের আগে সেটিই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।

- Advertisement -

এই আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে বৃহস্পতিবার বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা। বেনিনের বিপক্ষে ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই ম্যাচটিকে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি কোচ লিওনেল স্কালোনি। তবে সম্ভাব্য একাদশ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দেওয়া সম্ভাব্য একাদশ অনুযায়ী, গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ।

রক্ষণে দেখা যেতে পারে আগুস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনাকে। মাঝমাঠে এক্সেকিয়েল পালাসিওসের সঙ্গে থাকবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে খেলানোর পরিকল্পনা রয়েছে।

মেসি না থাকায় সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে আক্রমণভাগে। লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজকে একসঙ্গে শুরুর একাদশে খেলিয়ে তাদের সমন্বয় পরীক্ষা করতে চান স্কালোনি। মেসি দলে থাকায় এই দুই ফরোয়ার্ডকে নিয়মিত একই সঙ্গে শুরুর একাদশে দেখা যেত না। এবার মেসির অনুপস্থিতিতে সেই সুযোগ কাজে লাগাতে চাইছে আর্জেন্টিনা।

বলিভিয়া ম্যাচকে সামনে রেখে সোমবার এজেইজা কমপ্লেক্সে অনুশীলন করেছে আর্জেন্টিনা। কমপ্লেক্সটির নামকরণ করা হয়েছে মেসির নামেই। অনুশীলন শুরুর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে আলোচনা করেন স্কালোনি।

প্রথম পর্বের অনুশীলনে খেলোয়াড়দের দুই ভাগে ভাগ করা হয়। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে রাখা হয় তুলনামূলক হালকা অনুশীলনে। তাদের মধ্যে ছিলেন এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ ও এক্সেকিয়েল পালাসিওস।

মেসি, রদ্রিগো দে পল ও নিকোলাস ওতামেন্দির মতো খেলোয়াড়দের ক্ষেত্রে জাতীয় দলের অনুশীলনে যে হালকা ফুটবল অনুশীলনের রীতি দেখা যায়, তার আদলেই চলে এই পর্ব। তবে চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়া কিংবা পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা খেলোয়াড়দের জিমে থাকতে হয়েছে। নিকোলাস তাগলিয়াফিকো ও থিয়াগো আলমাদা স্টেশনারি বাইকে অনুশীলন করেন।

এদিকে ক্লাব ফুটবলে সপ্তাহান্তে ম্যাচ খেলে সোমবার জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন তমাস পালাসিওস ও লিওনেল ফ্লোরেস। পালাসিওস আগে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও এস্তুদিয়ান্তেসের হয়ে আন্তর্জাতিক সুপার কাপে খেলতে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে বোকা জুনিয়র্সের হয়ে রেসিং ক্লাবের বিপক্ষে কোপা আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে খেলেছিলেন ফ্লোরেস।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে সংবাদ সম্মেলনে আসবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসিবিহীন ম্যাচে দলের পরিকল্পনা, সম্ভাব্য একাদশ এবং আলভারেজ-লাউতারো জুটির ব্যবহার নিয়ে সেখানে তার বক্তব্যের দিকেই নজর থাকবে সমর্থকদের।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ