রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের চাপ কমাতে ঢাকার আশপাশে দ্বিতীয় একটি শহর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমাতে শুধু রাজধানীকেন্দ্রিক উন্নয়ন নয়, দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে। এ জন্য বিকেন্দ্রীকরণ, আঞ্চলিক উন্নয়ন ও আধুনিক যোগাযোগব্যবস্থার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ যত সহজ ও দ্রুত হবে, মানুষের কর্মসংস্থান ও বসবাসের সুযোগ তত বেশি ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এ লক্ষ্যেই যোগাযোগব্যবস্থাকে দ্রুত, নিরাপদ এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তবে বর্তমান বাস্তবতায় নগর ব্যবস্থাপনার সংকট মোকাবিলা সহজ নয়। নানা সীমাবদ্ধতার মধ্যেও সরকার এ সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নগরায়ণের পাশাপাশি পরিকল্পিত বসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগর সম্প্রসারণ মানুষের জীবনযাত্রায় নানা সংকট তৈরি করছে। তাই ভবিষ্যতের নগর পরিকল্পনায় জনসংখ্যা, আবাসন, যোগাযোগ, কর্মসংস্থান ও নাগরিক সুবিধাকে সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশকে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। এসব পরিবর্তনের মধ্যে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে নতুন সম্ভাবনাও। এই পরিস্থিতিতে নগরের বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জন্য টেকসই নগর কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর মতে, পরিকল্পিত বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা গেলে রাজধানীর ওপর মানুষের নির্ভরতা কমবে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় নতুন কর্মসংস্থান ও আবাসনের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নগর কাঠামো গড়ে তোলার পথও তৈরি হবে।




