সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশকে কারিগরি সহায়তার প্রতিশ্রুতি চীনের

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সাইবার অপরাধ ও প্রযুক্তিনির্ভর প্রতারণা মোকাবিলায় বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে টেলিকমভিত্তিক প্রতারণাসহ নতুন ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

- Advertisement -

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আইজিপি আলী হোসেন ফকিরের সঙ্গে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সাইবার অপরাধ প্রতিরোধসহ পারস্পরিক আইনশৃঙ্খলা সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়েছে। বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য আদান-প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চীনা প্রতিনিধিদল বাংলাদেশের সাইবার অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহের কথা জানায়। এ ক্ষেত্রে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং দুই দেশের মধ্যে বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে টেলিকমভিত্তিক প্রতারণাসহ প্রযুক্তির অপব্যবহার করে সংঘটিত অপরাধ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ভবিষ্যতে সাইবার ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে বাংলাদেশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। দীর্ঘমেয়াদে পুলিশের প্রযুক্তিগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ এবং কারিগরি সহযোগিতাকে কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ