কলকাতা: বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে রাজ্য সরকার। নতুন এই দায়িত্বে তিনি মন্ত্রীর সমতুল্য মর্যাদা পাবেন।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি একটি অনুষ্ঠানে মিঠুনের নতুন দায়িত্বের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
তবে উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীর নির্দিষ্ট দায়িত্ব ও কার্যপরিধি কী হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের টলিউড অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির প্রধান উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।
সম্প্রতি কলকাতার নিউ টাউনে ‘উত্তম কুমার ফিল্ম সেন্টার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মিঠুনকে ওই কেন্দ্রের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, খুব শিগগিরই আরও বড় দায়িত্বে দেখা যেতে পারে এই অভিনেতাকে।
‘মহাগুরু’ নামে পরিচিত মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক পথচলাও দীর্ঘ। ষাট ও সত্তরের দশকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর পরবর্তীতে তিনি সক্রিয় রাজনীতিতে আসেন তৃণমূল কংগ্রেসের মাধ্যমে। দলটির মনোনয়নে রাজ্যসভার সদস্যও হয়েছিলেন তিনি।
২০১৬ সালের ২৬ ডিসেম্বর রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেন মিঠুন। এরপর একই বছরের বিধানসভা নির্বাচনের আগে ৭ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি। পরে বিজেপির হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচার ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গেও যুক্ত থাকা মিঠুনের এবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব নেওয়াকে ঘিরে টলিউড ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

