গাজীপুর প্রতিনিধি: ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাড়িটি জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ব্যবহার করতেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলি থেকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
গাজীপুর চৌরাস্তা আধুনিক ফায়ার সার্ভিসের পরিদর্শক রাজীব হোসেন জানান, আগুনে পুড়ে যাওয়া গাড়িটি জিএমপির। এটি পুলিশের একজন উপকমিশনার ব্যবহার করতেন। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে জিএমপির উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমে পড়েন তিনি।
তাঁর ভাষ্য, এ সময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে একপর্যায়ে কিছু লোক গাড়িটির কাছে চলে আসেন। পরিস্থিতির কারণে চালকও তাঁদের সরাতে পারেননি। পরে গাড়িটিতে আগুন দেওয়া হয়।
মহিউদ্দিন আহমেদ আরও দাবি করেন, তাঁর গাড়িটি আগে থেকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ কারণে সেটিতে আগুন দেওয়া হয়েছে।
জিএমপি কমিশনার আশিক সাঈদও আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহানগর পুলিশের বলে নিশ্চিত করেছেন।
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা যান চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

