অপশক্তি স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধের পাঁয়তারা চলছে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার পাশাপাশি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে দল-মতনির্বিশেষে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন স্পিকার।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে স্পিকার বলেন, গভীর দুঃখের সঙ্গে তিনি লক্ষ্য করেছেন, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্পিকার আরও বলেন, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি।

অধিবেশন পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, গঠনমূলক আলোচনা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান স্পিকার। পাশাপাশি অধিবেশন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন তিনি।

গত ৯ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে মোট আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে সংসদে চারটি বিল উত্থাপন করা হয় এবং চারটিই পাস হয়েছে। এ ছাড়া তিনটি সংসদীয় কমিটি ও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

অধিবেশনে সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধিতে সদস্যরা বিভিন্ন বিষয়ে নোটিশ দেন। এর মধ্যে ৪২, ৬০, ৬২, ৬৮, ৭১, ৭৮, ৮২, ১৩১, ১৩৭, ১৪৭, ১৬৪ ও ৩০২ বিধির নোটিশ ছিল। অধিকাংশ নোটিশ গ্রহণ ও আলোচনা করা হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ জমা পড়ে। এর মধ্যে প্রধানমন্ত্রী ১৭টির উত্তর দেন। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য জমা পড়া ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টির উত্তর দেওয়া হয়েছে।

অধিবেশনের সমাপ্তির মধ্য দিয়ে সংসদের চতুর্থ পর্বের কার্যক্রম শেষ হলো।

সর্বশেষ