নারায়ণগঞ্জে সাবেক এমপি শামীম ওসমানের বাড়িতে ফের অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় অবস্থিত বাড়িটিতে একদল যুবক আগুন দেন।

- Advertisement -

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাতের (শেখ রিফাত) নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক বাড়িটির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা বাড়ির প্রধান ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা। স্লোগানের মধ্যে শেখ হাসিনার ফাঁসির দাবিও ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, একদল যুবক মিছিল নিয়ে এসে বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির কয়েকটি স্থানে আগুন জ্বলে ওঠে। পরে তারা বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। একপর্যায়ে যুবকেরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন স্থানে জ্বলে ওঠা আগুন নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর পুলিশ পেয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে জামতলায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। একই দিন উত্তর চাষাঢ়া এলাকায় তার ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতেও হামলা চালানো হয়। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সর্বশেষ