মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে প্রয়োজনীয় আদেশ জারি করেছে। ওই আদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।
সংসদে দেওয়া তথ্যে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ বাড়াতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। অনেক দেশ এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার কমানো এবং শিক্ষার পরিবেশ আরও কার্যকর করার লক্ষ্যেই বিভিন্ন দেশে এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

