নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, কৃষকদল নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলে হামলার ঘটনায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।

- Advertisement -

নিহতরা হলেন, কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন।

পরে দলীয় নেতাকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ