এসআরবি সদস্যকে হত্যার ঘটনায় জঙ্গল সলমিপুর থেকে গ্রেপ্তার ৬

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকেন্দ্রিক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন পর্যালোচনা করে ৩৯টি ফেসবুক আইডি ও পেজের সন্ধান পেয়েছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন প্রকাশ জামাই ইয়াসিন, আবদুর শুক্কুর, পারভেজ মোশারফ, মেহেদী হোসেন, সাকিবুল হাসান ও আনোয়ার হোসেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে আবদুর শুক্কুরকে ইয়াসিনের দ্বিতীয় প্রধান সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এসআরবি সদস্য হত্যা, যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর, সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ক্যাম্পের পানিতে বিষ মেশানোর মতো গুরুতর ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, আলিনগর বহুমুখী সমবায় সমিতিসহ বিভিন্ন ফেসবুক পেজ, ভুয়া আইডি ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হতো।

তিনি বলেন, এসব প্রচারণা পরিকল্পিতভাবে ছড়িয়ে দিতে সমন্বিতভাবে লাইক, কমেন্ট ও শেয়ার করা হতো। পাশাপাশি অর্থের বিনিময়ে বিভিন্ন পোস্ট বুস্ট করার তথ্যও পাওয়া গেছে। উদ্ধার করা মুঠোফোনগুলোর ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে।

পুলিশের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এসব প্রচারণার পেছনে একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করেছে। এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তি এবং অর্থের জোগানদাতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

জঙ্গল সলিমপুরে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের উৎস ও নেপথ্যের অর্থায়নকারীদের শনাক্ত করাও তদন্তের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

সর্বশেষ