সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা ২৫ মিনিটের বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৫৫ মিনিটে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পে চলমান অবস্থা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সক্রিয় থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলমান অধিবেশনে এটি ছিল বিএনপির সংসদীয় দলের দ্বিতীয় বৈঠক।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারই জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ