নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েছে। মাত্র ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ ও ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্যে এসব চিত্র উঠে এসেছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাও ককটেল হামলার শিকার হয়েছে।
এসব ঘটনায় দায়ের করা ৩৫টি মামলায় এখন পর্যন্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার ঘটনাগুলোকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাশকতার অপচেষ্টা প্রতিরোধে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

