কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি পুনর্ব্যক্ত করেছে জোটটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মামুনুল হক বলেন, সাবেক ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন এলাকায় হামলা ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। জনগণের জানমালের ক্ষতি করে আতঙ্ক ছড়ানোর এই অপচেষ্টা প্রতিহত করতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ১১ দল ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, বিতাড়িত আধিপত্যবাদী শক্তির সহযোগী অপশক্তিকে যেকোনো মূল্যে রুখতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান করবে ১১ দলীয় ঐক্য। জুলাই বিপ্লবের সময় গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য দেশের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সেই ঐক্যে বিভেদ সৃষ্টি হলে দেশ দুর্বল হয়ে পড়বে।
মামুনুল হকের ভাষ্য, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন ছিল জুলাই বিপ্লবের ঐক্যের অন্যতম ভিত্তি। কিন্তু গণভোটের রায় কার্যকর না হওয়ায় বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের ওপর গুরুত্ব দিচ্ছে ১১ দল।
তিনি বলেন, জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হলে কোনো নৈরাজ্যবাদী শক্তি দেশের মানুষের জানমালের ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না। সাম্প্রতিক সহিংসতায় নিহত রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
সরকারের প্রতি নৈরাজ্য কঠোরভাবে দমনের আহ্বান জানিয়ে মামুনুল হক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান। একই সঙ্গে জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এদিকে ১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে যথেষ্ট দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। তাদের দাবি, সরকারের কিছু সিদ্ধান্ত এবং গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর ফলে বিরোধী শক্তিগুলো অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
নেতারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে ক্ষমতায় থাকবে, সেটি বড় বিষয় নয়; বরং জনগণের নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণই তাদের প্রধান লক্ষ্য।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র, নাশকতা ও দেশবিরোধী অপতৎপরতা মোকাবিলা করবে ১১ দলীয় ঐক্য।

