মো.মোক্তার হোসেন,চট্টগ্রাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে।
রায়ের তথ্য অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাচার করা অর্থের দ্বিগুণ ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুই আইনে তাঁর মোট সাজা ১৫ বছর।
জাবেদের স্ত্রী রুকমীলা জামানকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফলে তাঁর মোট সাজা হয়েছে ১০ বছর।
এ মামলায় মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান ও উৎপল পালকে পৃথক দুটি আইনে পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আব্দুল হামিদ চৌধুরীকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. ইয়াছিনুর রহমান, মো. ইউছুফ চৌধুরী, মো. সাইফুল ইসলাম ও মো. শাহ আলমকে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বজল আহমেদ বাবুল ও এম এ সবুরকে দণ্ডবিধির ৪২০ ও ১০৯ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ একরাম উল্লাহ, জিয়াউল করিম খান, মীর মেসবাহ উদ্দীন হোসাইন, ইউনুছ আহমদ, হাজী আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, আফরোজা জামান, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী, তৌহিদ সিপার রফিকুজ্জামান, আরিফ কাদরী, প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, মো. সুমন, মো. ইলিয়াস তালুকদার ও ওসমান তালুকদার।
যেভাবে আত্মসাতের অভিযোগ
মামলার নথি অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়। পরে কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও আনা হয়।
অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে অর্থ আত্মসাতের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান। পরে তদন্তে আরও সাতজনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। বিচার শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

