জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাঁকে আটক করা হয়।
আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ওই বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিভাগীয় সূত্র জানায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে উপস্থিত হয়েছিলেন শাকিল। এ সময় তাঁর উপস্থিতির খবর পেয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। এ ঘটনায় শাকিলের বান্ধবী ও সহপাঠীরা বাধা দেওয়ার চেষ্টা করেন।
পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়। তাঁকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের দাবি, শাকিল এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং দর্শন বিভাগে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম তাঁর মাধ্যমেই পরিচালিত হতো। এ ছাড়া তিনি ছাত্রলীগের পদ থেকেও পদত্যাগ করেননি বলে অভিযোগ করেন তাঁরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে আসার পর তাঁর পরিচয় যাচাই করা হয়। তিনি দর্শন বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়। পরে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

