কর্ণফুলীতে বাসের ধাক্কায় আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী হেলাল

মো.মোক্তার হোসেন,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে চলন্ত মিনিবাসের ধাক্কায় আহত বিএনপি ও অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

- Advertisement -

হাসপাতালে আহতদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন প্রতিমন্ত্রী। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক ও স্বজনদের কাছ থেকেও খোঁজখবর নেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বুধবার রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মিনিবাস মিছিলে থাকা নেতাকর্মীদের ধাক্কা দেয়। এতে অন্তত সাতজন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ