জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে ফেলেছেন। তার চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার ট্রাইব্যুনালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবীর করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
শুনানিতে কামাল আহমেদ মজুমদারের পক্ষে আইনজীবী মো. সাহিদুর রহমান বলেন, কারাগারে থাকা অবস্থায় পড়ে গিয়ে তার মক্কেলের কোমরের হাড় ভেঙে গেছে। বয়স বেশি হওয়ায় তার শারীরিক ঝুঁকিও রয়েছে। পাশাপাশি তিনি ডায়াবেটিসে আক্রান্ত। দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন হলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তা করা সম্ভব হচ্ছে না বলে আইনজীবী ট্রাইব্যুনালকে জানান।
এ কারণে কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসার অনুমতি দেওয়ার আবেদন করেন তার আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আসামির চিকিৎসার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে এভারকেয়ার হাসপাতালে তাকে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেই। তাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েই তার চিকিৎসার ব্যবস্থা করার পক্ষে মত দেয় রাষ্ট্রপক্ষ।
উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
১৯ আসামির বিরুদ্ধে বিচার চলছে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও পল্লবীর বিভিন্ন এলাকায় ৫০ জনের বেশি নিরস্ত্র ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররাও উপস্থিত ছিলেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর প্রায় দুই মাস পর, ওই বছরের অক্টোবরে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

