অবশেষে উদ্ধার হলো চুরি হওয়া পুলিশের সেই পিকআপ

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যানটি ঘটনার প্রায় চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর কর্ণফুলী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটির সন্ধান পায় পুলিশ।

- Advertisement -

এর আগে বুধবার দুপুরে জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলের কাছ থেকে পিকআপ ভ্যানটি চুরি হয়। পুলিশের ব্যবহৃত গাড়ি প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হন তিন পুলিশ সদস্য। দুপুরের খাবার খেতে তাঁরা জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলে যান। এ সময় পিকআপটি সড়কের পাশে রেখে হোটেলে প্রবেশ করেন তাঁরা।

খাবার শেষে বাইরে এসে পুলিশ সদস্যরা দেখতে পান, নির্ধারিত স্থানে পিকআপটি নেই। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে গাড়িটি উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এরপর নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে চুরির প্রায় চার ঘণ্টা পর কর্ণফুলী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে একজন ব্যক্তিকে পিকআপে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের গাড়ি চুরি এবং কয়েক ঘণ্টা পর অন্য থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনাটি নগরজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

সর্বশেষ