দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই এ অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার পর অনেকে ঢাকায় এসে আত্মগোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে নিয়াজ মেহেদী বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঢাকায় আশ্রয় নিয়েছেন কিংবা পালিয়ে রয়েছেন, তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।
তিনি জানান, রাজধানীতে নাশকতা প্রতিরোধে চেকপোস্ট ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
এ ছাড়া অভিযানে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা প্রসঙ্গে নিয়াজ মেহেদী বলেন, কেপিআইভুক্ত স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম পরিকল্পনা অনুযায়ী এসব স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা নজরদারি করছেন।
সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

