সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় এবং দলটির সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৃথক এ দুটি ঘটনা ঘটে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুরও চালানো হয়েছে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় হাতুড়ি দিয়ে কার্যালয়ের বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় কামারখন্দ-সদর (সিরাজগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ইতোমধ্যে কার্যালয় ও বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

বুধবার বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে মোটরসাইকেলের বহর নিয়ে তাঁরা হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর হয়ে আবার কামারখন্দে ফিরে কর্মসূচি শেষ করেন।

আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে জানতে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মর্জিনা বলেন, ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বাইরে রয়েছেন। কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা অন্য কোনো ঘটনার বিষয়ে তাঁদের কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই।

একই দিনে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপির মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সিরাজগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ