শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক বায়েজিদ কোতোয়ালকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বায়েজিদ কোতোয়ালকে দেখতে পান সদর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা তাকে আটক করে মারধর করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পালং মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা শেষে রাজনৈতিক মামলায় বায়েজিদ কোতোয়ালকে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বায়েজিদ কোতোয়ালকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

