গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে চায় না দেশের মানুষ’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বাইরে পালিয়ে যাওয়া ব্যক্তিরা তাদের প্রভুদের সন্তুষ্ট করতে আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণের অধিকার কেড়ে নেওয়া কিংবা গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনার সুযোগ কাউকে দেওয়া হবে না।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের খুশি করতেই তারা আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু দেশের মানুষ আর গুম, খুন ও সন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সন্ত্রাসী ও হত্যাকারীদের স্পষ্ট বার্তা দিতে হবে—‘এনাফ ইজ এনাফ’, অর্থাৎ যথেষ্ট হয়েছে, আর নয়।

বিগত ২০২৪ সালের মতো এবারও দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্য পরিবর্তনে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস, হত্যার রাজনীতি ও তাবেদারি অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, সরকার যখন সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছে, ঠিক তখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা এসব ষড়যন্ত্রে জড়িত, তারাই একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ডামি নির্বাচনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। জনগণ তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও নিরাপদ জীবন নিশ্চিত করতে চায়।

এ সময় উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর বিভাগের পুরো এলাকায় গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ