নিজস্ব প্রতিবেদক : দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৬ শিশু। সোমবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত ১৫ মার্চ থেকে হিসাব করলে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ১০২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে।
হালনাগাদ তথ্য অনুযায়ী, গত এক দিনে ৬০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ২৯৬ শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার ১৭৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ২৩৪ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৭২২। এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৮ জনের।
এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত পর্যবেক্ষণ ও প্রকাশিত তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও প্রতিদিনের হিসাবে ওঠানামা করছে।




