spot_imgspot_img

অপরাধ দমনে চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযান, গ্রেফতার ৭৬৪

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টার অভিযানে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ৭৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

সোমবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন এবং আগের মামলায় ৬৫ জন রয়েছেন। এছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৭ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১০৭ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। মাদক মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৬৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১৭ হাজার ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট। এর পাশাপাশি ২২ কেজি ৭৪৩ গ্রাম গাঁজা, এক লিটার চোলাই মদ, ১৩ বোতল বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার এবং এক বোতল ফেয়ারডিল জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৯ হাজার ৬০০ টাকা জরিমানাও আদায় করা হয়। মাদকসংক্রান্ত ঘটনায় ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের ১০ সদস্য গ্রেপ্তার

অভিযানের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১০ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুজন, কুমিল্লা থেকে পাঁচজন, চাঁদপুর থেকে একজন, নোয়াখালী থেকে একজন এবং লক্ষ্মীপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৪৭

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩৪৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৭৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদিকে ৭২ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে, চট্টগ্রামে ৮৫ জন, কক্সবাজারে ৩৭ জন, কুমিল্লায় ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ জন, চাঁদপুরে ১৫ জন, নোয়াখালীতে ২০ জন এবং ফেনীতে ২৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুরে সর্বোচ্চ ১০৬ জনকে আটক করা হয়েছে। রাঙামাটি থেকে ৪ জন এবং খাগড়াছড়ি থেকে ২৩ জনকে আটক করা হয়েছে।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বলছে, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রেঞ্জের ১১ জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ