রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন পোশাকশ্রমিক নুপুর। পথে কয়েকজন দুর্বৃত্ত তার পথ আটকে অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে এবং হামলার সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্টরা কাজ করছেন।

