হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির দাবি, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির অবস্থান শনাক্ত করার পর সেটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে ভূপাতিত করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনীর জনসংযোগ দফতর জানায়, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে সেটি ধ্বংস করা হয়েছে।

তবে কী ধরনের অস্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান। একই সঙ্গে ড্রোনটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে কিংবা এটি কোন সামরিক অভিযানে নিয়োজিত ছিল, সে তথ্যও প্রকাশ করা হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক বিমান। দীর্ঘ সময় আকাশে উড্ডয়ন করে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুলভাবে হামলা চালানোর সক্ষমতা রয়েছে ড্রোনটির। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযানে এটি ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক সংঘাত বা নিরাপত্তা বিঘ্নিত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌ চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই মার্কিন ড্রোন ভূপাতিত করার ইরানের এ দাবি দুই দেশের মধ্যকার সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ