ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব, বিএনপির পদ হারালেন বাবা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে ছেলের নেতৃত্ব দেওয়ার ঘটনায় রাজনৈতিক চাপে পড়েছেন বিএনপি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী। ছেলের এমন কর্মকাণ্ডের জেরে তাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশ। চট্টগ্রামের রাউজানে বাবা-ছেলের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে এ ঘটনা স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -

গত সোমবার (১৬ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল মহাসড়কে মিছিল করছে। অল্প সময়ের মধ্যেই মিছিলটি শেষ হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।

কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ছেলের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু ছেলেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে না পারায় তাকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সজীব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন। তিনি আগে থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দেশে ফেরার পর আবারও সক্রিয় হয়ে ওঠেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের জন্য মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া অন্যদের প্রাথমিকভাবে বহিরাগত বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, মিছিলের পর রাতে ওই এলাকায় টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ