মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: দুই বছর বিরতির পর আবারও চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বসছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। আগামী শুক্রবার (২০ নভেম্বর) শুরু হচ্ছে ৩২তম চিটাগাং ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (সিআইটিএফ)। এবারের মেলায় দেশি-বিদেশি তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাকছে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল।
শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বুধবার (১৮ নভেম্বর) আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি বলেন, চেম্বারের পরিচালনা পর্ষদ না থাকায় গত দুই বছর মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এবার মেলা সফল করতে চট্টগ্রামবাসী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
চেম্বারের সাবেক সভাপতি ও সিআইটিএফ উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, ১৯৯৩ সাল থেকে চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। এবারের মেলাকে পার্কের আদলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য দৃষ্টিনন্দন প্রবেশপথ, ফুডজোন, মসজিদ এবং শিশুদের জন্য দুটি স্থানে প্লে-জোন তৈরি করা হচ্ছে। মেলায় প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩০ টাকা।
মেলায় ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকক, ইরান ও ভারতের প্যাভিলিয়ন থাকবে। বিভিন্ন দেশের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানের পণ্যও তুলে ধরা হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
মেলার নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থা ও বেসরকারি নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন। পুরো মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে। এ ছাড়া ২৪ ঘণ্টা নিরাপত্তাব্যবস্থা চালু থাকবে। অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি দল গাড়িসহ মেলা প্রাঙ্গণে অবস্থান করবে। দর্শনার্থীদের জন্য স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। নারী ও পুরুষের জন্য থাকছে পৃথক টয়লেটের ব্যবস্থা।
মেলার আয়োজকেরা জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানানো হচ্ছে। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও মেলা পরিদর্শন করবেন।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সেরা প্যাভিলিয়ন, স্টল ও দেশীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্বাচন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ পদক ও সনদ দেওয়া হবে।
স্টল নির্মাণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আয়োজকেরা জানান, এবার স্টিলের কাঠামোর ওপর টিনের ছাউনি দিয়ে স্টল তৈরি করা হচ্ছে।
সিআইটিএফ কমিটির চেয়ারম্যান ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলম বলেন, মেলার অধিকাংশ ফুডকোর্ট ঢাকার উদ্যোক্তারা পরিচালনা করবেন। খাবারের মূল্য নিয়ে যাতে কোনো অস্পষ্টতা না থাকে, সে জন্য প্রতিটি ফুডকোর্টে মূল্যতালিকা রাখা হবে।

