নিজস্ব প্রতিবেদক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। একটি গোয়েন্দা সংস্থার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন মুফতি রুহুল আমিন।
তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনার পাশাপাশি আলেম সমাজের একাংশের সমালোচনার মুখে পড়েন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মস্থলে অনুপস্থিত হয়ে আত্মগোপনে চলে যান তিনি। এর কিছুদিন পর ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।
সংঘর্ষের দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব থেকে অপসারণ করে। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বুধবার তাকে আটক করার তথ্য পাওয়া গেল।

