আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় সংলাপ সম্ভব নয়: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে আলোচনার বাইরে রেখে কোনো সংলাপকে জাতীয় সংলাপ বলা যায় না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর মতে, রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগসহ সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে হবে এবং একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

টকশোতে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও জাতীয় সংলাপে দলটির অংশগ্রহণের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে আলোচনা হলে তা অন্য কিছু হতে পারে, তবে জাতীয় সংলাপ হবে না। তাঁর দাবি, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন। শেখ হাসিনার সরকার পতনের সময়ও জরিপে দলটির ২৫ শতাংশ সমর্থনের কথা উঠে এসেছিল বলে উল্লেখ করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে এই সংখ্যা ৪০ শতাংশ বলে দাবি করেন সংসদ সদস্য।

আওয়ামী লীগকে সংলাপে রাখার ক্ষেত্রে দলটির অতীত কর্মকাণ্ডের দায় ও অনুশোচনার বিষয়টিও সামনে আনেন তিনি। রুমিন ফারহানা বলেন, তাদের আলোচনার টেবিলে আনতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তারা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত কি না, সেটিও আলোচনায় প্রশ্ন করা যেতে পারে।

আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, তা তাঁর জানা নেই। তবে তিনি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না বলেও মন্তব্য করেন। তাঁর ভাষ্য, তাঁর চেয়ে ভালো শাসন দিতে পারলে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসত।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া রাজনীতিবিদদের সামনে অন্য কোনো বিকল্প দেখছেন না তিনি। আগামী জানুয়ারির মধ্যে রাজনৈতিক পরিস্থিতির অনেক বিষয় পরিষ্কার হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, সামনের পরিস্থিতি এখনো কুয়াশাচ্ছন্ন ও অনিশ্চিত।

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ও পারস্পরিক অসহিষ্ণুতা নিয়েও উদ্বেগ জানান রুমিন ফারহানা। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থেকেও সমাজে বিভাজন ও সহিংসতা তৈরি হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে এমন দূরত্ব তৈরি হয়েছে যে, তাঁরা একে অপরের সঙ্গে বসে চা পান করা তো দূরের কথা, পরস্পরের দিকে তাকাতেও চান না। এ ধরনের রাজনৈতিক বিভাজন দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে না বলে মনে করেন তিনি।

সর্বশেষ