পাঁচ বছরে উপজেলা হাসপাতাল হবে ১৫০ শয্যার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় সংসদ সদস্যদের আগাম করতালিতে হাস্যরস করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভাই, আগে বলে নেই, তারপর তালি দেন।’ বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার সময় এ কথা বলেন তিনি।

- Advertisement -

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু করা হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি উপজেলা হাসপাতালে নতুন করে ১০০টি করে শয্যা যুক্ত হবে।

উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধির ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে প্রতিটি উপজেলায় ৩০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসব হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ৫০ করেন।

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত অবহেলার শিকার হয়েছে। এর ফলে দেশের অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

হাসপাতালে শয্যাসংকটের চিত্র তুলে ধরে তারেক রহমান জানান, দেশে প্রায় ৪০ লাখ মানুষকে হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হয়। এটি স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি বড় সংকট। তবে দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকার গত কয়েক মাসে দেশজুড়ে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা সংযোজন করতে পেরেছে বলে জানান তিনি।

এদিকে সংসদে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তাঁর নির্বাচনী এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে একটি সরকারি হাসপাতাল নির্মাণের দাবি জানান। তিনি বলেন, ওই এলাকার অধিকাংশ শ্রমিকের মাসিক আয় ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে। স্বল্প আয়ের এসব শ্রমিকের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল প্রয়োজন।

জবাবে প্রধানমন্ত্রী জানান, শ্যামপুরে হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে আগামী সপ্তাহের মধ্যেই একটি প্রতিনিধি দল পাঠানো হবে। যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার।

সর্বশেষ