নিজস্ব প্রতিবেদক : দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনকে শিগগিরই পুরোপুরি সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে শুধু প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীল থাকলে চলবে না। গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান এবং নিজস্ব কয়লা সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বিদ্যুৎ উৎপাদনে চাপ কমবে। এর সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে উদ্বেগ অনেকটাই কমে আসবে।
প্রধানমন্ত্রী জানান, দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানে কূপ খননের কাজ চলছে। পাশাপাশি নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে। বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি সক্ষমতা অর্জনে এসব উৎসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মকেই নিতে হবে। দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভালো ফলাফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, চিত্রকলা, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। এসব চর্চা শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করবে।
সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগের সুফল পেতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।
ভাষা শেখার বিষয়ে প্রধানমন্ত্রী বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত আরও একটি ভাষা শেখার পরামর্শ দেন। তাঁর মতে, একাধিক ভাষায় দক্ষতা থাকলে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসেন। তাঁদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ শিক্ষার্থী ছিলেন। তাঁদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতি উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এ প্রতিষ্ঠান থেকে ৫৮ জন অংশ নেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের ৫১ জন এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়ার ৪০ শিক্ষার্থীও এ কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

