মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাহরাইন ও কুয়েত। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। একের পর এক হামলা ও পাল্টা অভিযোগে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বুধবার (১৮ নভেম্বর) কুয়েতের পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে ইরানের ড্রোন হামলা তাদের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলেও উল্লেখ করেছে দেশটি। তবে ইরান দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।
এদিকে বাহরাইনও ইরানের বিরুদ্ধে অপরাধমূলক হামলার অভিযোগ এনেছে। দেশটিতে স্বল্প সময়ের ব্যবধানে দুটি সম্ভাব্য বিপৎসংকেত জারি করা হয়। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) একটি জাহাজ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রণালিটি অতিক্রমের সময় জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। এতে ১১ জন ক্রু আহত হয়েছেন। এখনো একজন নিখোঁজ রয়েছেন।
এ ছাড়া সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদের দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে মাঝপথেই প্রতিহত করা হয়েছে।
পরপর এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনা আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
সূত্র: আল জাজিরা

