স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের কয়েকজন সদস্য পিকআপ ভ্যানটি জেলা পুলিশ লাইনের সামনের সড়কে রেখে পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে তারা গাড়িটির কোনো খোঁজ পাননি। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত হন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পুলিশের পিকআপ ভ্যানে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এরপর থেকেই চুরি হওয়া গাড়িটি উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল দলের সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। দলে সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

